শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় নারীর মৃত্যু, পরিবারের লোকজন উধাও

আপডেট : ১৩ জুন ২০২০, ০২:২৩ এএম

নেত্রকোনার মোহনগঞ্জে শ্বাসকষ্ট ও ডায়রিয়া উপসর্গ নিয়ে নাজমা (৫০) নামে এক নারী মারা যাওয়ার পর লাশ দাফন না করেই পরিবারের লোকজন উধাও হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গেছে। পরে প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর লাশ দাফনের ব্যবস্থা করে।

শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া বিরামপুর (বাহাম) গ্রামে এ ঘটনা ঘটে। এদিন সকালে তিনি মারা যান। পরিবারের সবাই উধাও হয়ে যাওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও এবং পুলিশের লোকজন স্থানীয় ইসলামি ফাউন্ডেশনের ওলামাদের নিয়ে পৌর কবরস্থানে বিকেলে তার লাশ দাফনের কাজ সম্পন্ন করেন।

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুবীর সরকার জানান, বাহাম গ্রামের শহর আলীর স্ত্রী সকালে মারা যান। পরে তাদের ভাতিজা আমাদেরকে ফোন দিয়ে জানান করোনায় তাদের একজন মারা গেছে। লাশ নিয়ে আসতে। তারা দাফন করতে পারবে না। জিজ্ঞেস করলাম করোনায় বুঝলেন কেমন করে। তখন বলল যে শ্বাসকষ্ট ডায়রিয়া হয়েই মারা গেছে রোগী। তারা গতকাল হাসপাতালে নমুনা দিয়ে গেছেন এইটা করেনারই লক্ষণ। তাদেরকে নাকি এলাকাবাসীও চাপ দিচ্ছে লাশ সরাতে। একটু পরপর অনেক মানুষ ফোন দিতে থাকেন। পরে তাদেরকে বললাম আমরা আসছি একটু সময় দেন। ইসলামি ফাউন্ডেশনের সাথে কথা বলালাম। থানার ওসি সহ আমরা গিয়ে লাশ এনে বিকেলে পৌর কবরস্থানে দাফন করেছি। এমনকি লাশের কাফনের কাপড়টাও তারা কিনেননি। কাফনের কাপড়ের কথা বললে জানায় আপনারাই দেন। বাড়িটিও হাফ বিল্ডিং। এমন না যে দরিদ্র।

ডাক্তার আরও জানান, তাদের আচরণে অবাক হয়ে গেলাম। স্তম্ভিত ওদের কথা শুনে। লাশের গোসল করাতেও কেউ আসেনি। আমরাই পরে কাফনের কাপড় নিয়ে গিয়ে একজন মহিলাকে ধরে এনেছি গোসলটা অন্তত করাতে চেয়েছি। কিন্তু তিনিও করোনার ভয়ে লাশ ধরেননি। কোন রকমে দোয়া পড়ে পানি ছিটা দিয়ে রেখে দিলেন। পরে আমরা কয়েকজন জানাজা দিয়ে লাশ দাফন করেছি।

এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, বিকেল ৩ টার দিকে পৌর কবরস্থানে ওই নারীর দাফন সম্পন্ন করা হয়েছে। এদের ভেতরে কেমন মানবতা সেটা জিজ্ঞেস করতে খুঁজেও পরিবারের কাউকে পাইনি। তাদের সাথে সাথে এলাকাবাসীও উধাও হয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত