রোনালদোর পেনাল্টি মিসেও ঠেকেনি জুভেন্তাসের ফাইনাল

আপডেট : ১৩ জুন ২০২০, ০৯:২০ এএম

করোনাভাইরাসের কারণে তিন মাসের বেশি সময় পর মাঠে খেলা গড়ালেও প্রত্যাশা অনুযায়ী নৈপুণ্য দেখাতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ড জ্বলতে না পারলেও নিজেদের মাঠে এসি মিলানকে আটকে রেখে টিকই ইতালিয়ান কাপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তার দল জুভেন্তাস।

তুরিনে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া ইতালিয়ান কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগের লড়াইটি গোলশূন্য ড্র হয়। কিন্তু প্রথম লেগের লড়াইটি ১-১ গোলে ড্র হওয়ায় প্রতিপক্ষের মাঠে গোলের সুবিধা নিয়ে রেকর্ড ১৯ বারের মতো টুর্নামেন্টটির ফাইনালে উঠলো জুভেন্তাস।

সেই ৯ মার্চের পর ইতালির মাঠে গড়ালো ফুটবল। দীর্ঘ দিন পর মাঠে ফেরা নিয়ে দুই দলের খেলোয়াড়ের মধ্যে উচ্ছ্বাসের কোনো কমতি ছিল না। কিন্তু কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ম্যাচটি ছিল দর্শকশূন্য। মাস্ক পরতে হয় ডাগআউটে থাকা খেলোয়াড়, কোচ ও স্টাফদের। এখন থেকে সব ম্যাচেই এই নিদের্শনা মানতে হবে।

ম্যাচের ফলাফল ছাপিয়ে যেন খেলতে পারাটাই বড় আনন্দ হয়ে দাঁড়ায় উভয় দলের খেলোয়াড়দের কাচে। যেমনটা বললেন জুভেন্তাসের ডিফেন্ডার লিওনার্দো বনুচ্চি, “আবেগটা অসাধারণ। ৯০ দিন পর দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও আমরা খেলতে পারছি।”

ম্যাচের ষোড়শ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল জুভেন্তাস। কিন্তু রোনালদোর পেনাল্টি কিকটি গোলপোস্টে লাগলে গোলের উচ্ছ্বাসে মাতা হয়নি দলটির। মিলানের রাইট-ব্যাক আন্দ্রে কন্তির কনুইয়ে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি বাঁশি বাজান রেফারি।

গোল খাওয়া থেকে ভাগ্যক্রমে বেঁচে গেলেও পরক্ষণেই বড় এক হোঁচট খায় এসি মিলান। পেনাল্টির পর পরই জুভেন্টাসের দানিলোকে ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড আন্তে রেবিচ বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় অতিথি দল।

একজন কম নিয়ে খেলা মিলানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়েছিল জুভেন্তাস। কিন্তু এসব কাজে লাগাতে পারেননি রোনালদো, পাওলো দিবালা, ব্লেইস মাতুইদিরা।

অতিথি মিলান ম্যাচ শেষ হওয়ার দুই মিনিটি আগে অসাধারণ একটি সুযোগ পেয়েছিল। কিন্তু হেডে নেওয়া বল লক্ষ্যে রাখতে পারেননি জার্মান মিডফিল্ডার হাকান কালহাননোগ্লু।

গোলশূন্যতে ড্র হয় করোনাভাইরাস পরবর্তী ইতালিয়ান ফুটবলের প্রথম লড়াই। আর প্রথম লেগে গোল করার সুবাদে ফাইনালের টিকিট পায় জুভেন্তাস। গত ১৩ ফেব্রুয়ারি মিলানের মাঠে গোলটি করেছিলেন রোনালদো।

ফাইনালে মাওরিসিও সাররির দলের প্রতিপক্ষ হবে নাপোলি ও ইন্টার মিলান মধ্যকার সেমি-ফাইনাল লড়াইয়ের জয়ী দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত