নাসিমের মৃত্যুতে শোক হেলথ রিপোর্টার্স ফোরামের

আপডেট : ১৩ জুন ২০২০, ০১:৩৬ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।  

এক শোকবার্তায় ফোরামের সভাপতি তৌফিক মারুফ ও সাধারণ সম্পাদক রাশেদ রাব্বি বলেন, “মোহাম্মদ নাসিম আমৃত্যু  দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে তিনি ফোরামের সকল কাজে গতিশীলতা আনতে সহযোগিতা করেছেন।”

নাসিমের মৃত্যুতে বাংলাদেশ একজন দেশপ্রেমিক ও জনমানুষের নেতাকে হারালো— উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নেতৃবৃন্দ।

হাসপাতালে টানা নয় দিন ধরে লাইফ সাপোর্টে থাকা নাসিমকে শনিবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

করোনা উপসর্গ নিয়ে গত ১ জুন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

গত ৫ জুন সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হলে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

এরপর তিন দফা তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ এলেও তার লাইফ সাপোর্ট সরানো সম্ভব হয়নি।

কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন এম মনসুর আলীর ছেলে নাসিম পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এবার মন্ত্রিত্ব না পেলেও দলের সভাপতিমণ্ডলীতে থাকার পাশাপাশি ১৪ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন তিনি।

আওয়ামী লীগের বিগত সরকারগুলোর সময় স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও গুরুত্বপূর্ণ মন্ত্রী পদে দায়িত্ব পালন করেছিলেন মোহাম্মদ নাসিম।

জ্যেষ্ঠ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত