আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মোহাম্মদ নাসিম শনিবার বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
প্রতিমন্ত্রী বলেন, মোহাম্মদ নাসিমের বাবা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। দেশের মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে তার নাম।
‘তার সুযোগ্য উত্তরসূরি মোহাম্মদ নাসিম এদেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ছিলেন আপোষহীন’ যোগ করেন তিনি।
শরীফ আহমেদ বলেন, মোহাম্মদ নাসিম বিভিন্ন সময়ে নানারকম অত্যাচার নির্যাতন সহ্য করেও নিজের আদর্শে ছিলেন অবিচল। তার এই আপোষহীন নেতৃত্ব ও আদর্শ সকলের নিকট অনুকরণীয় হয়ে থাকবে আজীবন।
এছাড়া মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী।
