নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। লকডাউনের কারণে ওষুধের দোকান ছাড়া কাঁচাবাজারসহ নিত্যপ্রয়োজনীয় সব দোকানপাট বন্ধ রয়েছে। তবে লকডাউনের মাঝে কাঁচাবাজার করা নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। ভ্যান গাড়িতে করে ভ্রাম্যমাণ কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম সার্বক্ষণিক এ ভ্রাম্যমাণ বাজার পর্যবেক্ষণ করছেন। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) আফিফা খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার লকডাউন নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাচ্ছেন। লকডাউনে দ্বিতীয় দিনে লকডাউন অমান্য করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ইউএনও মমতাজ বেগম দেশ রূপান্তরকে বলেন, লকডাউনে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ভ্যানে করে ভ্রাম্যমাণ কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারের ব্যবস্থা করা হয়েছে। লকডাউন নিশ্চিত করতে প্রশাসন তৎপর। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে দ্বিতীয় দিনেও লকডাউন সফলভাবে কার্যকর হয়েছে।
