‘হ্যারি পটার’ লেখিকাকে সাবেক স্বামীর থাপ্পড়, সংবাদ শিরোনাম নিয়ে তোলপাড়

আপডেট : ১৪ জুন ২০২০, ০৯:৫৪ এএম

পারিবারিক সহিংসতার গুণকীর্তনের অভিযোগ উঠেছে ব্রিটেনের শীর্ষ প্রচারের ট্যাবলয়েড দ্য সানের বিরুদ্ধে।

পত্রিকাটি ‘হ্যারি পটার’-খ্যাত লেখিকা জে কে রাউলিংয়ের সাবেক স্বামীর সাক্ষাৎকার ছাপিয়েছে প্রথম পাতায়, শিরোনাম দিয়েছে ‘আমি জেকে-কে থাপ্পড় মেরেছিলাম এবং দুঃখিত নই’।

কিছুদিন আগে ট্রান্সজেন্ডার প্রসঙ্গে মন্তব্য করে সমালোচিত হন রাউলিং। এর পর পারিবারিক সহিংসতার কাহিনি উল্লেখ করে কুড়িয়েছিলেন সমবেদনা। সে ঘটনায় নতুন মাত্রা যোগ করল দ্য সান।

পত্রিকার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনীতিবিদ থেকে শুরু করে নানা প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা।

বুধবার এক ব্লগ পোস্টে রাউলিং জানান, তিনি পারিবারিক সহিংসতা ও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন। সেই দুঃসহ অভিজ্ঞতা এখনো ফিরে ফিরে আসে, কিন্তু দুই দশকের সময় মিডিয়ার লাইমলাইটে থাকলেও কখনো এ নিয়ে বলেননি। তারই প্রতিক্রিয়ায় আক্রমণাত্মক শিরোনামের এই সাক্ষাৎকার।

যুক্তরাজ্যের দাতব্য প্রতিষ্ঠান উইমেনস এইডের পক্ষ থেকে বলা হয়েছে, সংবাদের শিরোনাম গুরুত্বপূর্ণ। সকাল সকাল এমন শিরোনাম পাঠকের জন্য নেতিবাচক। বিরোধী দল লেবার পার্টির এমপি জেস ফিলিপস এই শিরোনামকে ‘আতঙ্কজনক’ বলে উল্লেখ করেন। আরও কয়েকজন এমপি দ্য সানকে ক্ষমা চাইতে বলেছে।

শুক্রবারই এ বিষয়ে পত্রিকার পক্ষ থেকে মুখ খোলা হয়। সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়, পারিবারিক নির্যাতনকে ‘মহিমান্বিত’ করার কোনো অভিপ্রায় তাদের ছিল না। বরং  রাউলিং-এর সাবেক স্বামী মন্তব্যে তারা বিরক্ত হয়েছেন। তার ‘অসুস্থ’ ও ‘অনুশোচনাহীন’ মন্তব্য শিরোনামে তুলে ধরতে চেয়েছে পত্রিকাটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত