‘পর্দার ধোনি’র বিদায়ে শোকস্তব্ধ ভারতীয় ক্রিকেটমহল

আপডেট : ১৪ জুন ২০২০, ০৬:২৬ পিএম

ক্রিকেটার না হয়েও ভারতীয় ক্রিকেটের অংশ হয়ে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করেছিলেন। নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ধোনির চরিত্র পর্দায় নিপুনভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত।

তরুণ প্রাণোচ্ছ্বল এই অভিনেতা রবিবার আত্মহত্যা করেছেন। সুশান্তের মুম্বাইয়ের বাসায় তার লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই অভিনেতার বয়স হয়েছিল ৩৪ বছর।

ধোনি চরিত্রে অভিনয় করে ভারতীয় ক্রিকেটের অংশ হয়ে যাওয়া সুশান্তের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না ভারতীয় ক্রিকেটমহল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শচিন টেন্ডুলকর থেকে বিরাট কোহলি, রবি শাস্ত্রী থেকে বীরেন্দ্রর শেওয়াগ। ধোনির আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসও দুঃখ প্রকাশ করেছে টুইট বার্তায়।

টুইটারে করা পোস্টে শচিন লিখেছেন, ‘সুশান্ত সিং রাজপুতকে হারানোর খবরে দুঃখিত ও মর্মাহত। অত্যন্ত তরুণ ও প্রতিভাবান অভিনেতা। ওর পরিবার ও বন্ধুদের জন্য সমবেদনা রইল। ওর আত্মার শান্তি কামনা করি।’

ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, ‘সুশান্ত সিং রাজপুতের খবর শুনে মর্মাহত। এটা মেনে নেওয়া খুবই কঠিন। ওর আত্মা যেন শান্তি পায় এবং ঈশ্বর ওর পরিবার-পরিজনকে ধাক্কা সহ্য করার শক্তি দিক।’

সুশান্ত রাজপুতকে পর্দার ধোনিতে পরিণত হওয়ার প্রশিক্ষণ দিয়েছিলেন ভারেতর সাবেক উইকেটরক্ষক কিরণ মোরে। যিনি বড় ধাক্কা খেয়েছেন এই খবরে, ‘ব্যক্তিগতভাবে এটা আমাকে অত্যন্ত মর্মাহত করেছে। সুশান্ত সিং রাজপুত এমন একজন অভিনেতা, যাকে আমি এমএস ধোনির চরিত্রের জন্য প্রশিক্ষণ দিয়েছিলাম। আমি জানি না আমি এবং যারা ওকে চেনে সবাই কীভাবে এই ধাক্কা সামলে উঠতে পারব। বড্ড তাড়াতাড়ি চলে গেলে বন্ধু।’

এছাড়াও রাজপুতের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। শোক প্রকাশ করেছেন যুবরাজ সিং, হরভজন সিং, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান, মোহাম্মদ কাইফ, সুরেশ রায়ন, ঋদ্ধিমান সাহা সহ আরো অনেক ক্রিকেট তারকা।

ক্রিকেটের বাইরে অন্য খেলার তারকারাও শোক প্রকাশ করেছেন। সাইনা নেহওয়াল, গুরপ্রীত সিং, এইচএস প্রণয়, পারুপাল্লি কাশ্যপের মতো অন্য ক্রীড়াবিদরা টুইটারে শোক জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত