স্মিথ জানালেন যে বোলারকে খেলতে সমস্যা হয় তার

আপডেট : ১৫ জুন ২০২০, ০৪:১৩ এএম

করোনাভাইরাসের এই মহামারির সময়ে স্টিভেন স্মিথ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। ভক্তদের সঙ্গে নিয়মিত আড্ডায় যুক্ত হচ্ছেন। রবিবার ইন্সটাগ্রামে তেমনই একটি প্রশ্নোত্তরে পর্বে যুক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার। যেখানে নিজের ক্যারিয়ারে সবচেয়ে কঠিন বোলারের নাম বলেছেন তিনি।

স্বাভাবিকভাবেই ভক্তদের অনেক অনেক প্রশ্ন আসতে থাকে স্মিথের চ্যাট সেশনে। বেশির ভাগেরই উত্তর দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। প্রশ্নগুলো ছিল স্মিথের ব্যক্তিগত ও পেশাদার দুই দিক নিয়েই।

যার একটি প্রশ্ন ছিল এমন- ‘যে বোলারকে খেলতে সবচেয়ে বেশি কঠিন, সেই বোলারের নাম কি?’

বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত স্টিভেন স্মিথ ক্যারিয়ারে অনেক বোলারের বিপক্ষেই খেলেছেন। যাদের অনেকের বিপক্ষেই কর্তৃত্ব করেছেন।

ক্যারিয়ারের দারুণ এই পথচলায় কাগিসো রাবাদা, ট্রেন্ট বোল্ট, জেমস অ্যান্ডারসন, ডেল স্টেইন, জাসপ্রিত বুমরাহ, রবিচন্দ্রন অশ্বিনসহ অনেক বড় নামের বিপক্ষে খেলেছেন।

তবে স্মিথ একজনকে বেছে নেওয়ার বেলায় বেছে নিলেন পাকিস্তানি ফাস্ট বোলার মোহাম্মদ আমিরকে। যাকে খেলতে কষ্ট হয় তার।

ভক্তের করা প্রশ্নের উত্তরে স্মিথ লিখেন, ‘মোহাম্মদ আমির। আমার মনে হয়, যাদের মুখোমুখি হয়েছি তাদের মধ্যে সবচেয়ে স্কিলফুল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত