বাণিজ্যিক এলাকায় স্বাস্থ্য বিধি না মেনে মাস্ক ছাড়াই ঘোরাফিরা, কেনাকাটা করছিলেন লোকজন। হঠাৎ করেই পুলিশ চিকিৎসকসহ হাজির নবাগত ইউএনও পরিমল কুমার সরকার।
মাস্ক ছাড়া ব্যক্তিদের করলেন আটক। আটক প্রত্যেক ব্যক্তিদের কাছ থেকে জেনে নিলেন পরিবারের সদস্য সংখ্যা। শাস্তি হিসেবে এরপর প্রত্যেককে পরিবারের সদস্য অনুযায়ী মাস্ক কেনানো হয়। এরপর মেলে মুক্তি।
সোমবার বেলা ৪ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়, কেটরা বাজার, শিবপুর বাজার এবং কাটলা বাজারে এসব অভিযান চালানো হয়।
বিরামপুর উপজেলার নবাগত ইউএনও পরিমল কুমার সরকারের নেতৃত্বে অভিযানে আরো উপস্থিত ছিলেন ওসি মো. মনিরুজ্জামান, মেডিকেল অফিসার আবুল কাশেম।
ইউএনও পরিমল কুমার সরকার বলেন, গত সপ্তাহে তিনি বিরামপুরে যোগদান করেছেন। তাই সতর্কতা মূলক কাজ হিসেবে এ ধরনের শাস্তি দিলেন। সেই সাথে সকলকে জানানো হয়েছে যে, পরবর্তীতে স্বাস্থ্য বিধি না মানলে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
