রাজধানীর বিমানবন্দর এবং দক্ষিণখান থানা এলাকা থেকে গতকাল সোমবার হেলাল উদ্দিন (২৬) নামে এক ব্যবসায়ীর লাশের খণ্ডিতাংশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো পাওয়া যায়নি তার মাথা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশের এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার খন্দকার রেজাউল হাসান বলেন, দক্ষিণখান এলাকার মুক্তিযোদ্ধা সড়কের ১০৯ নম্বর বাসার সামনে হাজী আব্দুস সালাম সড়কের সংযোগস্থলে দুটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে বস্তা খুলে এক ব্যক্তির লাশের কোমর থেকে নিচের অংশ উদ্ধার করে। এর মধ্যেই এয়ারপোর্টের ঈশান কলোনি এলাকার একটি মাঠ থেকে গলা থেকে কোমর পর্যন্ত অংশ উদ্ধারের খবর আসে। উদ্ধার হওয়া খণ্ডিতাংশ একজনের কি না তা ফরেনসিক পরীক্ষার পর জানা যাবে। লাশের মাথা উদ্ধারের চেষ্টা চলছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে।
রেজাউল বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক লেনদেন বা নারী সংক্রান্ত কারণে হেলালকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে সেখানে ফেলে রাখা হয়েছে।
হেলালের বড় ভাই হুজাফা পায়ের দাগ দেখে লাশ শনাক্ত করেছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা রেজাউল হাসান বলেন, হেলাল দক্ষিণখানের মধ্য আজমপুরে থাকতেন। তিনি বিকাশের ব্যবসা করতেন। কয়েক দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।
