গাজীপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ১৬ জুন ২০২০, ০৭:২০ এএম

গাজীপুরে চাঞ্চল্যকর বীথি হত্যার প্রধান আসামি নিহত বীথির স্বামী মহানগরীর বাসন থানার ভোগড়া এলাকার আফিজ উদ্দিন চৌধুরীর ছেলে রাশেদ চৌধুরী ওরফে রন্টিকে (৩০) হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পর ময়মনসিংহের ঈশ^রগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে আদালতে স্ত্রী বীথি হত্যার কথা স্বীকার করেছে।

গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক হাফিজুর রহমান জানান, স্ত্রী বীথি হত্যার পর থেকে রন্টি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ঈশ^রগঞ্জ এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে রন্টিকে গত শনিবার গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে গাজীপুর আদালতে হাজির করা হলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ২০১৮ সালের ৮ আগস্ট বীথি হত্যা মামলার প্রধান আসামি নিহতের স্বামী রাশেদ চৌধুরী ওরফে রন্টি, তার বোন তোরা, মামা খালেক, মামাতো ভাই ছানি, কাজের মেয়ে আছমা এবং আছমার স্বামী মুমিন মিলে গৃহবধূ ফারজানা আক্তার ওরফে বীথিকে হত্যার পরিকল্পনা করে। পরদিন ৯ আগস্ট সকাল পৌনে ৮টার দিকে রন্টির দোতলার বাসায় বীথিকে হত্যা করে লাশ ফ্যানে ঝুলিয়ে রাখে।

এর আগে এ মামলার আরেক আসামি লিটনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে পিবিআই। গত ৪ জুন সে গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং হত্যাকাণ্ডের বিশদ বর্ণনা দেয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ৪ নভেম্বর গাজীপুর মহানগরীর বাসন থানার ভোগড়া এলাকার আফিজ উদ্দিন চৌধুরীর ছেলে রাশেদ চৌধুরী ওরফে রন্টির সঙ্গে একই এলাকার ফারজানা আক্তার ওরফে বীথির (২৫) বিয়ে হয়। বিয়ের আগে তাদের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু রন্টি বিয়ের পর তাদের ভাড়াটিয়া একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। পুলিশ জানায়, এ মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত