চট্টগ্রামের মিরসরাইয়ে ৮ পুলিশ সদস্যসহ ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে মিরসরাইয়ে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড সংখ্যা।
মঙ্গলবার সকালে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে করোনার উপসর্গ নিয়ে সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুল হক আজাদ নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি মিরসরাই পৌরসভার ২ নন্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম ২৩ জনের নমুনা সংগ্রহ করে গত ১১ জুন পরীক্ষার জন্য পাঠায়। সোমবার গভীর রাতে ১০ জনের পজিটিভ রিপোর্ট আসে। এদের মধ্যে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমানসহ ৮ পুলিশ সদস্য রয়েছে।
আক্রান্ত অন্যদের একজন ব্যাংক কর্মকর্তা ও একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজ উদ্দিন জানান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত। তারা সবাই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ থেকে সবাই হোম আইসোলেশনে থাকবেন।
অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মিরসরাই পৌরসভার ২ নন্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুল হক আজাদ (৫২) ছিলেন ব্যবসায়ী। সোমবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রামস্থ ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর পূর্বের চার দিন তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন।
তিনি মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের চাচা।
ফরহাদ হোসেন জানান, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে তিনি তার চাচাকে রবিবার (১৪ জুন) গভীর রাতে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তিনি মারা যান। তার করোনা উপসর্গ থাকলেও পরীক্ষা করানোর সুযোগ হয়নি।
