লক্ষ্মীপুরের পালেরহাট পাবলিক হাই স্কুলের ছাত্রী হিরা মণি কে নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সাথে তিনি যশোরের ছাত্রনেতা ইব্রাহিমকে ফিরিয়ে দেওয়ার দাবি করছেন।
মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নবম শ্রেণির ছাত্রী হিরা মনিকে পাশবিক নির্যাতনের বিচার ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
রিজভী বলেন, বাংলাদেশে কোথাও নিরাপত্তা নেই। বিরোধী মত, বিরোধীর চিন্তারমানুষকে রাতের অন্ধকারে যেকোনো সময় গ্রেপ্তার করে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। যশোরে ছাত্রদল নেতা ইব্রাহিমকে সকলের সামনে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে। এখন পর্যন্ত তার কোনো খোঁজ নেই। আমরা অবিলম্বে ইব্রাহিমকে ফেরত দেওয়ার দাবি করছি। হিরা মনির ওপর যারা নির্যাতন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
তিনি বলেন, এই সরকার কয়েকটি রাষ্ট্র দর্শন চালু করেছে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনীতির ক্ষেত্রে ক্যাসিনো চালু করছে। সামাজিক ক্ষেত্রে নারী নির্যাতন, ধর্ষণ। রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র হত্যা করে নব উদ্যমে বাকশাল চালু। এই হচ্ছে প্রধানমন্ত্রী ও সরকারের রাষ্ট্রদর্শন। এই দর্শন প্রতিষ্ঠা করতে গিয়ে কত হিরা মনিকে ধর্ষণের শিকার হতে হয়েছে শালীনতা হয়েছে এর কোনো হিসেব নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, করোনা মোকাবিলা করতে পারেন নাই। হাসপাতালের নিরাপত্তারক্ষীকে নিরাপত্তা ও স্বাস্থ্যকর্মীকে করোনা মোকাবিলার কোন যন্ত্রপাতি দিতে পারেন নাই। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে সব চাইতে কম করোনা পরীক্ষা করা হয়েছে।
মানববন্ধনে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান হাফিজ, মাজেদুল ইসলাম রুমন,ওমর ফারুক কাউসার, মোশাব্বির শাফি, যুগ্ম সম্পাদক তানজিল হাসান, নিজাম উদ্দিন রিপন, মাইনউদ্দিন আহমেদ নিলয় প্রমুখ।
এর আগে দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ২৯ নং ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী লিটন মাহমুদ বাবুর তত্ত্বাবধানে খাবার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজভী আহমেদ।
