ভৈরবে করোনার উপসর্গ নিয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২০, ০১:১৯ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মোশাররফ হোসেন আজাদ (৭০) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

তিনি শহরের ভৈরবপুর মধ্যপাড়া কাদির বেপারি বাড়ির মরহুম সৈয়দ লাল মিয়ার ছেলে।

বুধবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর আইআইডিসিআরের নিয়ম মেনে দাফন করা হয়।

পারিবারিক সূত্র জানায়, তিনি কিছুদিন ধরে জ্বর-সর্দিসহ করোনাভাইরাস উপসর্গে ভুগছিলেন। মঙ্গলবার তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য ডা. বুলবুল আহমেদ জানান, মুক্তিযোদ্ধা আজাদ করোনার উপসর্গে ভুগছিলেন। মৃত্যুর আগের ২/৩দিন আগে তার নমুনাও সংগ্রহ করা হয়েছিল। কিন্তু প্রতিবেদন আসার আগেই তার মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ উপজেলায়। এই নিয়ে এখানে মোট ৩৮৭ জনের মাঝে ভাইরাসটি শনাক্ত হলো। এ ছাড়া দ্বিতীয় এবং তৃতীয় প্রতিবেদনও পজিটিভ এসেছে ৩ জনের।

এদিকে ঈদের পর ভৈরবে করোনাভাইরাস শনাক্ত এবং মৃতের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের নির্দেশে গত ৫ জুন শুক্রবার থেকে আগামী ২০ জুন শনিবার পর্যন্ত ১৫ দিনের জন্য এখানকার সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে ওষুধসহ কাঁচা বাজার খোলা আছে। সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে কৃষিপণ্যের ব্যবসা প্রতিষ্ঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত