চীনের হাতে নিহত ভারতীয় সৈনিকদের স্যালুট কোহলিদের

আপডেট : ১৭ জুন ২০২০, ০২:২১ পিএম

লাদাখ সীমান্তে চীনের বাহিনীর হাতে সংঘর্ষে জড়িয়ে প্রাণ হারানো ২০ ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানিয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক রোহিত শর্মাসহ ভারতীয় ক্রীড়াবিদেরা।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, লাদাখ সীমান্তে গালওয়ান ভ্যালিতে চীনের বাহিনীর সঙ্গে মারামারিতে তাদের অন্তত ২০ জন সৈন্য নিহত হয়েছে। যদিও আগের দিন বলা হয়েছিল এই ঘটনায় তাদের মাত্র তিনজন সেনা নিহত হয়েছে। এই সীমান্তে কয়েক দশকের মধ্যে এটাই সর্বোচ্চ সহিংসতা।

নিজেদের সেনাদের এমন ত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদেরা। শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি।

“আমাদের দেশকে রক্ষা করার জন্য গালওয়ান ভ্যালিতে যে সেনারা জীবন হারালেন তাদের প্রতি শ্রদ্ধা। একজন সেনা সদস্যের মতো আর কেউ এতটা নিঃস্বার্থ হতে পারে না। তাদের পরিবারের প্রতি সমবেদনা। আশা করব, কঠিন এই সময়ে আমাদের প্রার্থনার মধ্য দিয়ে তারা শান্তি খুঁজে পাবে।”

কোহলির ডেপুটি রোহিত শর্মা টুইটে লিখেছেন- “আমাদের সত্যিকারের হিরোদের স্যালুট যারা আমাদের সীমান্ত রক্ষা করতে গিয়ে এবং বাঁচাতে নিজেদের জীবন দিয়ে দিয়েছেন। ঈশ্বর তাদের পরিবারকে শোক সইবার মতো শক্তি দিক।”

এ ছাড়া অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত ও শাটলার সাইনা নেওয়াল, ক্রিকেটার শিখর ধাওয়ান শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত