মাদারীপুরে নমুনা না দিয়েও যুবকের করোনা পজিটিভ!

আপডেট : ১৭ জুন ২০২০, ০৩:৩৪ পিএম

মাদারীপুরে নমুনা না দিয়েও করোনাভাইরাস পজিটিভ এসেছে সিদ্দিক হাওলাদার নামে এক যুবকের । ঘটনাটি ঘটেছে মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকার এছাহাক হাওলাদারের ছেলের সাথে।

অন্যদিকে মাদারীপুর সিভিল সার্জন জানান, যার নামে নমুনা দেয়া হয়েছে সেই হিসাবেই নমুনা রিপোর্ট পেয়েছি।

তবে পরিবার ও এলাকাবাসীর মাঝে এই নিয়ে ক্ষোভ বিরাজ করছে।

করোনা পজিটিভ আসা সিদ্দিক হাওলাদার বলেন, আমার শারীরিক কোনো সমস্যা নেই। তাছাড়া আমি আজ পর্যন্ত করোনাভাইরাসের কোনো নমুনা কোনো হাসপাতালে দেই নাই। তাহলে আমার করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ আসে কি করে। আমি সামাজিকভাবে মানুষের কাছে হেয় হচ্ছি।

তিনি বলেন, এই ঘটনা হওয়ার পর আমাকে হাসপাতালে ডাক্তার ফোন দিয়েছিল সেও বলে তারা এই নামে এই ঠিকানায় নমুনা দেয়া মানুষের করোনা নমুনা দেয়া পজিটিভ আসছে। এরপর আজ বুধবার সকালে এই প্রথম আমি নমুনা দিয়ে আসছি।

সিদ্দিক হাওলাদারের বাবা ইসাহাক হাওলাদার বলেন, আমার ছেলে সম্পূর্ণ সুস্থ এটা অন্য কেউ আমার ছেলের নাম দিয়ে করেছে, তারা হয়তো আমার ছেলের পরিচিত। কারণ নমুনায় যে ঠিকানা মোবাইল নাম্বার দেয়া হয়েছে সবই ঠিক আছে। তবে আমার ছেলে কোনো নমুনা হাসপাতালে দেয় নাই। আমার দাবি আগামীতে যাদের নমুনা নেয়া হয় তাদের যেন আইডি কার্ড রাখা হয়।

মাদারীপুর পকাদী এলাকার সাংবাদিক মো. আরিফুর রহমান জানান, এর আগেও শুনেছি যারা নমুনা দিয়েছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এ রকম কেন হবে। এরপর শুনছি মোবাইল নাম্বার ও ঠিকানা ভুল দিয়ে আসছে তাদের বের করতে অনেকদিন লেগে যায়। আমি মনে করি নমুনা নেয়ার সময় অবশ্যই সাথে আইডি কার্ড রাখা উচিত। এতে ভুল নাম-ঠিকানা কেউ দিতে পারবে না। এই ছেলেটি নমুনা না দিয়েও আজ করোনা পজিটিভ, এলাকায় তাকে অন্য চোখে দেখছে।

মাদারীপর সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরাম হোসেন জানান, আমাদের কাছে নমুনা দেয়ার সময় যে নাম ঠিকানা ও মোবাইল নাম্বার দিয়েছে সেই হিসাবে এই সিদ্দিক করোনাভাইরাসে পজিটিভ। আমি ছেলেটির সাথে কথা বলেছি এবং তাকে বলেছি আপনি নমুনা দিয়ে যেতে এবং সে দিয়ে গেছে। এই রিপোর্ট আসার পর আমরা বুঝতে পারবো কোনটা সঠিক। আমরা নমুনা দেয়ার সময়তো আর ছবি তুলে রাখি না। তাই কেমন বুঝবো এই ছেলে সেই ছেলে কিনা। আইডি কার্ড রাখলে হয়তো এই প্রশ্নের সম্মুখীন পড়তাম না।

মাদারীপর সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, এর আগেও কয়েটি সমস্যার সম্মুখীন হয়েছিলাম, নাম ঠিকানা ভুল ও মোবাইল নম্বর ভুলসহ বন্ধ  মোবাইল নাম্বার নমুনা সংগ্রহের সময় দিয়ে থাকে। এর জন্য আগামীতে নমুনা সংগ্রহের সময় আইডি কার্ড নেয়ার পরামর্শ আমার কাছে ভালো লাগছে। দেখি এটা করতে পারলে ভালো হবে।

মাদারীপুরের গত ২৪ ঘণ্টায় (১৬ জুন) নতুন করে ১৯৫টি রিপোর্টের মধ্যে ৭০ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর থানার একজন এসআই ও তিন পুলিশ সদস্যসহ ৩৯ জন, কালকিনি ৮ জন, রাজৈর ১৫ জন এবং শিবচর ৮ জন। জেলায় করোনা ভাইরাস আক্রান্ত ও শনাক্তের সংখ্যা ৪২৩ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২৭ জন। করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন। এবং উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছ ৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত