গর্ভবতী মায়েদের বিনামূল্যে সেনাবাহিনীর চিকিৎসা সেবা

আপডেট : ১৭ জুন ২০২০, ০৯:০৮ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দুঃস্থ গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি ওষুধ ও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শতবার্ষিকী উপলক্ষে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরতে এ সেবার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের চিকিৎসা শাখা। 

বুধবার সকাল থেকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এ সেবা দেয় তারা। 

সেনাবাহিনীর ১৮ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দারের দিকনির্দেশনায় চিকিৎসা দেন চট্টগ্রাম সিএমএইচ’র গাইনি ও অবস বিভাগীয় প্রধান ডা. লে. কর্নেল শামীমা ইয়াছমিন। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নোমান হোসেন, ক্যাপ্টেন মো. নাসির উদ্দীন, চরলক্ষ্যা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমুখ। এ চিকিৎসা ক্যাম্পে ৫০ গর্ভবতী মাকে চিকিৎসা সেবা, একমাসের বিনামূল্যে ওষুধ ও হরলিক্স, চিনিসহ বিভিন্ন পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। সকাল থেকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এ চিকিৎসা ক্যাম্প কার্যক্রম চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে চিকিৎসা ক্যাম্পের সমন্বয়কারী ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দীন জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে গর্ভবতী মায়েরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উপলক্ষে জুন মাসজুড়ে এ কর্মসূচি চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত