ফরিদপুরে গত ২৪ ঘন্টায় আরও ২৯জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাবে দায়িত্ব প্রাপ্ত প্রফেসর মোহাম্মদ রেজাউল কাদের এই তথ্য জানিয়েছেন।
নতুন করে ২৯জনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় ফরিদপুরে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১০৫২ জন।
এদিকে ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় ছাড়াও বোয়ালমারী উপজেলার তিনটি ওয়ার্ডকে রেড জোন ঘোষনা করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন। তিনি বলেন, শনিবার থেকে ওই ওয়ার্ডের লকডাউন বাস্তবায়ন করা হবে।
নতুন শনাক্তের মধ্যে ফরিদপুর শহরের একটি ডায়গনস্টিক সেন্টারের এক কর্মী (৪০) রয়েছেন।
ফরিদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে যে ২৯জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ভাঙ্গায় ১১, চরভদ্রাসনে ৬, সদরপুরে ৩, সদর উপজেলা, নগরকান্দা ও বোয়ালমারীতে ২ জন করে এবং আলফাডাঙ্গা, মধুখালী ও সালথায় ১ জন করে রয়েছে। এর মধ্যে ১২ জন নারী ও ১৭ জন পুরুষ।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, জেলার ভাঙ্গা পৌর এলাকায় লকডাউন চলছে, নতুন করে কিছু এলাকা রেড জোন চিহৃত করা হয়েছে। দ্রুত লকডাউন কার্যকর করা হবে।
