ভিপি নুর ও তার সংগঠনের ৪০ সদস্যকে ‘হত্যার হুমকি’

আপডেট : ১৮ জুন ২০২০, ১২:৩৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৪০ সদস্যকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নুর। বুধবার রাজধানীর শাহবাগ থানায় জিডি করেন তিনি। 

জিডিতে ‘হুমকি দেওয়া’ ফোন নম্বর উল্লেখ করে নুরুল হক বলেন, ‘এর আগেও আমি ডাকসু ভবনসহ দেশের বিভিন্ন জায়গায় ১১ বার হামলার শিকার হয়েছি। এমন অবস্থায় আমি আমার প্রাণনাশের হুমকি অনুভব করছি এবং নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই নিরাপত্তা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করছি।’

২০১৮ সালে সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গঠিত হয়েছিল। পরে ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এই সংগঠনের প্যানেল থেকে দুজন (ভিপি নুর ও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন) জয়ী হন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই সংগঠনের নাম পরিবর্তন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ করা হয়েছে। 

চলতি সপ্তাহে নুর বলেন, তিনি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। এরপরই মুঠোফোনে এই হুমকি এল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত