ওয়াসার পানির বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি শুরু হয়েছে। গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। ভিডিও কনফারেন্সে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ। ওয়াসার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবে আলম, যিনি রাষ্ট্রেরও প্রধান আইন কর্মকর্তা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। আদালত পরবর্তী শুনানির জন্য ২২ জুন ধার্য করে। গত ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া ঢাকা ওয়াসার পানির ২৫ শতাংশ বর্ধিত দামের ওপর নিষেধাজ্ঞার নির্দেশনা চেয়ে জনস্বার্থে গত সোমবার (১৫ জুলাই) এ রিট আবেদনটি করেন ব্যারিস্টার তানভীর আহমেদ। আবেদনে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ২২ (৩) ধারা অনুযায়ী পানির দাম বাড়িয়ে গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগের ওই সিদ্ধান্ত কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না এবং আইনের এই ধারাটি কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে রুলের আর্জি জানানো হয়।
আইনজীবী জানান, আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ঢাকায় পানির দাম ২৪ দশমিক ৯৭ শতাংশ এবং চট্টগ্রামে ২৫ শতাংশ বাড়ছে। আর বাণিজ্যিক সংযোগে ঢাকায় ৭ দশমিক ৯৯ শতাংশ এবং চট্টগ্রামে ৯ দশমিক ৯৪ শতাংশ দাম বেড়েছে পানির।
