অক্সফোর্ড থেকে ‘রোডেশিয়ার’ প্রতিষ্ঠাতার ভাস্কর্য অপসারণের ঘোষণা

আপডেট : ১৮ জুন ২০২০, ১১:১৪ এএম

অক্সফোর্ডে এক উপনিবেশিক নেতার ভাস্কর্য সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ওরিয়েল কলেজ কর্তৃপক্ষ। অক্সফোর্ড ইউনিভার্সিটি কলেজ গভর্নররা ভোট দিয়ে এই সিদ্ধান্ত নেন।

 বিবিসি জানায়, সিসিল রোডস নামে ওই উপনিবেশিক নেতার ভাস্কর্য সরানোর দাবি উঠে অক্সফোর্ডের কলেজটিতে। এ নিয়ে বুধবার গভর্নরদের মধ্যে একটি ভোট হয়। সেখানে ভার্স্কযটি সরানোর ঘোষণা আসে।

বর্ণবাদবিরোধী সংগঠকদের দাবি, কলেজে এই উপনিবেশিক নেতার ভাস্কর্য সাম্রাজ্যবাদ ও বর্ণবাদের প্রতীক বহন করছে, ফলে এটি সরাতে হবে।

সিসিল রোডস নামে এই উপনিবেশিক ব্যক্তিত্ব ব্রিটিশ খনি ব্যবসায়ী ছিলেন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার ক্যাপ কলোনির প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি।

রোডসের নামে তৎকালীন আফ্রিকার রোডেশিয়া অঞ্চলের নামকরণ করা হয়েছিল, যেটি বর্তমানে ভাগ হয়ে জিম্বাবুয়ে ও জাম্বিয়া নামে আলাদা দুইটি দেশ হয়েছে। তার কোম্পানি ওই অঞ্চল প্রতিষ্ঠা করে।

অতিসত্ত্বর রোডসের ভাস্কর্য অপসারণের দাবি উঠলেও কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। পরিকল্পনা বিধিমালা অনুসরণ করে ভাস্কর্যটি অপসারণ করতে হবে।

তবে বর্ণবাদ বিরোধীরা জানিয়েছেন, রোডসের ভাস্কর্য না সরানো পর্যন্ত তারা অক্সফোর্ডে বিক্ষোভ চালিয়ে যাবেন।

২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকান্ডের প্রতিবাদে বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। এরই অনুপ্রেরণায় দাস ব্যবসায়ী ও উপনিবেশিক নেতাদের ভাস্কর্য উচ্ছেদ ও অপসারণের ঘটনা ঘটেছে অনেকগুলো। এমনকি আমেরিকা আবিষ্কারক ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য উচ্ছেদ করে লেকে ছুড়ে ফেলেছে বিক্ষোভকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত