খুলনায় রোগীর স্বজনদের ‘হামলায়’ এক চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে টেলিমেডিসিন সেবা বন্ধের ঘোষণা দিয়েছে বিএমএ চট্টগ্রাম শাখা।
বৃহস্পতিবার সকালে বিএমএ চট্টগ্রাম শাখার পক্ষ থেকে টেলিমেডিসিন সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
দেশে করোনা সংক্রমণ শুরুর পর চট্টগ্রামে গত মার্চ মাস থেকে চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখে। বিএমএ চট্টগ্রাম শাখার উদ্যোগে গত ২৫ মার্চ থেকে টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছিল।
বর্তমানে এই টেলিমেডিসিন সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে জানান, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম এর সভাপতি ডা. মুজিবুল হক খান।
তিনি বলেন, খুলনায় চিকিৎসকের যেভাবে মৃত্যু হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে রোগী সেবায় নিয়োজিত। অথচ এ অবস্থায় এরকম একটি ঘটনা ঘটলো। রোগীদের সেবা দিতে গিয়ে নানা বয়সী চিকিৎসকরা সারাদেশে মারা যাচ্ছেন।
এর মধ্যেও এ ধরনের ঘটনায় ডাক্তারদের মনোবল ভেঙে যাবে। তাই এর প্রতীকি প্রতিবাদ স্বরূপ আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, রোগীদের সেবা দিতেই কিন্তু চট্টগ্রামেই প্রথম আমরা নিজস্ব উদ্যোগে এই টেলিমেডিসিন সেবা চালু করেছিলাম। বর্তমানে টেলিমেডিসিন এই সার্ভিস বন্ধ থাকবে। কিন্তু আমরা রোগীদের পাশে না থেকে তো পারব না। রোগীদের অন্যসব জায়গায় সেবা দেয়া হবে। খুলনায় ঘটনায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানাই।
