চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।
করোনার উপসর্গ (জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট) নিয়ে তারা হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে মৃত নারী চাঁদপুর শহরের বাসিন্দ। বাকি দুইজনের একজনের বাড়ি হাজীগঞ্জ উপজেলায় এবং অপর জনের বাড়ি পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাজীগঞ্জ উপজেলার সুশিল সাহা (৬০) বুধবার রাত ৮টায় হাসপাতালে ভর্তি হওয়ার পরে রাত সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেন।
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকার লাভলী আক্তার (৩০) বুধবার রাত ১১টায় হাসপাতালে ভর্তি হওয়ার পরে রাত ১২টায় মৃত্যুবরণ করেন।
এছাড়া পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০) বৃহস্পতিবার সকাল ৭টায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ৩জন মৃত্যুবরণ করেন।
এ নিয়ে এ পর্যন্ত হাসপাতালের আইসোলেশনে করোনার উপসর্গ নিয়ে ২৪ জনের মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ বলেন, আজকে পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে ৯৪ জন মারা গেছেন। এদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এদিকে বৃহস্পতিবার ৬টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ৩ জন করোনা পজিটিভ হয়েছে। নতুন ৩ জনসহ জেলায় বর্তমানে করোনা আক্রান্ত হয়েছে ৫১১ জন।
