জাপানের বর্তমান প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক বিচারমন্ত্রীকে তার স্ত্রীসহ গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত বছর নির্বাচনী প্রচারের সময় তারা ভোট কিনতে অর্থ খরচ করেন বলে অভিযোগ উঠেছে।
ক্যাটসুইউকি কাওয়াই গত বছর বিচারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। মন্ত্রী থাকা অবস্থায় স্ত্রী আনরির নির্বাচনী প্রচারে নেমে সমালোচনায় পড়েন তিনি। দুজনের বিরুদ্ধে এখন ভোট কেনার অভিযোগ উঠেছে।
৫৭ বছর বয়সী কাওয়াই এবং তার ৪৬ বছর বয়সী স্ত্রী ইতিমধ্যে আবের দল থেকে পদত্যাগ করেছেন। কিন্তু সংসদে থাকার পরিকল্পনা করে যাচ্ছেন।
দুজনে অভিযোগ অস্বীকার করলেও প্রসিকিউটররা বলছেন, তারা ভোট কিনতে ২ লাখ ২৫ হাজার ডলার খরচ করেছেন।
নভেল করোনাভাইরাসে জাপানে মৃত্যুহার কম থাকলেও আবে বেশ চাপে আছেন। এর ভেতর তার দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে এমন দুর্নীতির অভিযোগ উঠেছে।
