২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পড়েছিল ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে পরে ব্যাট করা ভারত ১০ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয়। তবে এতদিন সেই ফাইনাল নিয়ে একরকম বোমা ফাটিয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুতগামাগে।
২০১১ সালে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে থাকা মাহিন্দানন্দ আলুতগামাগে বলেছেন, ২০১১ বিশ্বকাপ ফাইনাল ম্যাচ পাতানো ছিল। যার তীব্র প্রতিবাদ জানিয়েছেন সেই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া কুমার সাঙ্গাকারা ও ফাইনালের সেঞ্চুরিয়ান মাহেলা জয়াবর্ধনে। তারা দুজনই প্রমাণ চেয়েছেন।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ফার্স্টকে আলুতগামাগে বলেন, ‘২০১১ বিশ্বকাপ পাতানো ছিল। আমি এটি দায়িত্ব নিয়েই বলেছি, বিতর্ক তৈরি হলেও বলবো…। আমি কোনো ক্রিকেটারকে জড়িত করব না। তবে নির্দিষ্ট গ্রুপগুলো এই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত ছিল।’
তিনি আরো বলেন, ‘আমি যখন ক্রীড়ামন্ত্রী ছিলাম তখনই এটা হয়েছিল…। আমি দেশের স্বার্থে পুরো বিবরণ প্রকাশ করতে চাই না। ২০১১ সালে ভারতের বিপক্ষে ম্যাচটি আমরা জিততে পারতাম। কিন্তু ম্যাচের ফলাফল আগে থেকেই ঠিক করা ছিল।।’
এমন বক্তব্য স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার ক্রিকেটে বিতর্কের ঝড় তুলবে। ভারতের বিপক্ষে সেই ম্যাচে ১০৩ রানের ইনিংস খেলা জয়াবর্ধনে টুইটারে এই খবর দেখে তো ব্যাপারটাকে সার্কাস বললেন।
দেশটির সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘নির্বাচন নিশ্চয়ই খুব কাছে চলে এসেছে। দেখে মনে হচ্ছে সার্কাস শুরু হয়েছে।’ জায়াবর্ধনে প্রশ্ন রেখেছেন, ‘নাম এবং প্রমাণ কোথায়?’
এদিকে সাঙ্গাকারা নিউজ ফাস্টকে বলেছেন, ‘কোনো অনুমানের দরকার নেই। সবচেয়ে ভালো পদক্ষেপ হতে পারে তদন্ত করা।’
২০১৭ সালে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার ফাইনাল নিয়ে সন্দেহের কথা বলেছিলেন। ওয়াংখেড়ের সেই ফাইনালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক ধারাভাষ্যকার হিসেবে ছিলেন।
