ফরিদপুরে পদ্মা-মধুমতি-আড়িয়াল খার পানি বৃদ্ধি

আপডেট : ১৯ জুন ২০২০, ১১:৫৯ এএম

পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানিতে ফরিদপুর জেলার বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে ।

গত কয়েক দিন ধরে এ অঞ্চলের পানি বৃদ্ধির হার বেশি বলে নিশ্চিত করে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড।

ফরিদপুর পাউবো’র নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, হঠাৎ করে ফরিদপুরের পদ্মা, মধুমতি ও আড়িয়ালখা’র পানি বাড়তে শুরু করেছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে ১২ সেন্টিমিটার। বর্তমানে গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীতে ৬.৯৬ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফরিদপুর সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের নমোডাঙ্গী, ধলার মোড়, সিএন্ডবিঘাট এলাকায় গিয়ে দেখা যায় পদ্মার পানি তুলনামূলকভাবে বেড়ে চলেছে।

সদর উপজেলার ডিক্রীরচর ইউপির চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু জানান, পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের বাদাম, তিল ক্ষেত তলিয়ে গেছে।

ধলার মোড় এলার কৃষক টিপু সুলতান জানান, পানি যে হারে বাড়ছে তাতে মনে হচ্ছে বন্যা দেখা দিবে এবার।

তিনি বলেন, একদিকে করোনা অন্য দিকে যদি পানি বাড়ে তাহলে এ অঞ্চলের কৃষক ও শ্রমিকদের দূরাবস্থার সৃষ্টি হবে।

পানি বৃদ্ধির বিষয়ে ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রেজা বলেন, চরাঞ্চলের মানুষদের জন্য বন্যা মোকাবিলায় জন্য জিআরের চাল বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও যারা পানির কারণে কৃষিতে ক্ষতির মুখে পড়বে তাদের জন্য সরকারি প্রণোদনা দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত