ঢাকার ক্লাব ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি ক্রিকেটার, দেশের প্রথম বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এম পি।
শুক্রবার সকালে ময়মনসিংহের নিজ বাসভবনে পরলোকগমন করেন রামচাঁদ গোয়ালা। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
প্রতিমন্ত্রী এক শোক বার্তায় বলেন, ‘দেশের ক্রিকেট ইতিহাসে রামচাঁদ গোয়ালার নাম স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’
স্কুল ক্রিকেট দিয়ে শুরু রামচাঁদ গোয়ালার। সে সময় ময়মনসিংহ শহরের মৃত্যুঞ্জয় স্কুলের ক্রিকেট ও ফুটবল দলের অধিনায়ক ছিলেন তিনি। ক্লাব ক্রিকেটের হাতেখড়ি নগরীর পন্ডিতপাড়া ক্লাবের হয়ে। সে সময়ই ঢাকার ক্রিকেটে রামচাঁদ গোয়ালা খেলা শুরু করেন।
ষাটের দশকের শুরুতে তার ঢাকার ক্রিকেটে অভিষেক। ৫৩ বছর বয়স পর্যন্ত তিনি খেলে গেছেন ঢাকার ক্লাব ক্রিকেটে।
বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির তিনবারের সেরা খেলোয়াড় বাঁহাতি স্পিনার রামচাঁদ গোয়ালা ছিলেন চির কুমার। ক্রিকেটের সঙ্গেই জীবন বেঁধেছিলেন তিনি।