'করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে সাংবাদিক কাজল'

আপডেট : ২০ জুন ২০২০, ১২:২৬ এএম

সাংবাদিক শফিকুল ইসলাম কাজল করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছেন বলে উদ্বেগ জানিয়েছে এশীয় মানবাধিকার কমিশন।

শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, ১৭ জুন যশোর কেন্দ্রীয় কারাগারের একজন কারারক্ষীর করোনা শনাক্তের পর আটক সাংবাদিক শফিকুল ইসলাম কাজল করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছেন। 

বিবৃতিতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর অধীনে ক্ষমতাসীন দলের রাজনীতিবিদদের দায়ের করা তিনটি মামলায় পাঁচটি পৃথক অভিযোগে মূলত এই সাংবাদিককে আটক করা হয়।

‘দৈনিক পক্ষকাল’র সম্পাদক সাংবাদিক কাজল গত ১০ মার্চ নিখোঁজ হন। ৫৩ দিন পর ৩ মে তাকে যশোরের বেনাপোলের ভারতীয় সীমান্তের কাছাকাছি থেকে  আটক করে বিজিবি। ঢাকা মহানগর পুলিশের কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬ ও ২৯ ধারার অধীনে দুটি মামলা করা হয় তার বিরুদ্ধে।

৩ মে অনুপ্রবেশের দায়ে যশোরের বেনাপোল থানায় বিজিবির দায়ের করা মামলায় আদালতে সাংবাদিক কাজলের জামিন মঞ্জুর হয়। পরবর্তীতে কোতোয়ালি মডেল থানায় অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত