জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, করোনাভাইরাস সংক্রমণজনিত এ সংকটকালীন সময়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সার্বিক সুরক্ষা ও জীবন-জীবিকা নির্বাহের জন্য উন্নয়ন কার্যক্রম ও জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। এসকল পদক্ষেপ প্রায় স্থবির হয়ে পড়া অর্থনীতির চাকা চলমান রাখতে অবদান রাখছে।
পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে চেক হস্তান্তর অনুষ্ঠানে রবিবার স্পিকার এসব কথা বলেন।
অনুষ্ঠানে ৮৫০টি মসজিদের অনুকূলে ২০ হাজার টাকা করে মোট এক কোটি ৭০ লাখ টাকার চেক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ২৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ছয় লাখ ২৫ হাজার টাকার চেক এবং ঢাকা-রংপুর ছয় লেন রাস্তার জন্য পীরগঞ্জ অংশের জমি অধিগ্রহণের ৮৭টি চেক বাবদ নয় কোটি ৫৬ লাখ ২৬ হাজার ৯৩৫ টাকার চেক বিতরণ করা হয়।
প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর ঐকান্তিক প্রচেষ্টায় ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের অনুকূলে সরকারি অনুদান বরাদ্দ সম্ভব হওয়ায় স্পিকার তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবন জীবিকা সুরক্ষা করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ, সংকট সময়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের অস্বচ্ছলতা দূরীকরণের জন্য নগদ অর্থ সহায়তা ঘোষণা ও সরকারি অনুদান, বিভিন্ন প্রকার প্রণোদনা, স্বাস্থ্যবীমার ব্যবস্থাসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছেন।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মো. আসিব আহসান, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ পৌরসভার মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম শামিম প্রমুখ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন।
