চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উল্টো পথে আসা বালুবাহী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাস। এ ঘটনায় বাসের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন।
রবিবার বেলা দেড়টার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পটিয়া থেকে মান্নান এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস শহরের দিকে যাচ্ছিল। এ সময় উল্টো পথে আসা বালুবাহী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ এড়ানোর চেষ্টা করে বাসটি। ওই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান দুই যাত্রী।
কর্ণফুলী থানার এসআই জাহিদুর রহমান বলেন, আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হুমায়রা মাহমুদ (৩০)। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি উন্নয়ন প্রকল্পে কর্মরত। তবে বালুবাহী পিকআপটি আটক করা যায়নি।
