২০১৮ সালে ১.৮ মিলিয়ন মার্কিন ডলারে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন মিচেল স্টার্ক। তবে চোটের কারণে সেবার আইপিএল চুক্তি হাতছাড়া হয়ে যায় অস্ট্রেলিয়ান পেসারের। নিজের আইপিএল চুক্তির বীমা করিয়ে রেখেছিলেন স্টার্ক। এবার নিজের ইনস্যুরেন্স কোম্পানির কাছে ১.৫৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করলেন মিচেল স্টার্ক।
বীমার টাকা পেতে নিজের চোট পাওয়ার ভিডিও ফুটেজ বীমা সংস্থার কাছে জমা দিয়েছেন স্টার্ক। যদিও তাতে সমস্যার এখনও সমাধান হয়নি। বীমা সংস্থা স্টার্কের চোট পাওয়ার সময় নিয়ে সংশয় প্রকাশ করায় তৈরি হয়েছে জটিলতা।
গত বছর এপ্রিলেই বীমা সংস্থার বিরুদ্ধে মামলা করেন স্টার্ক। পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের সময় স্টার্ক চোট পেয়েছিলেন, এটা মেনে নিতে চায়নি সংশ্লিষ্ট সংস্থা।
সেকারণেই স্টার্ক ফক্স স্পোর্টেসর দুটি ভিডিও ফুটেজ জমা দেন সংস্থায়। যেখানে তার চোট পাওয়ার প্রমাণ রয়েছে।
নিয়ম অনুযায়ী একাকী, হঠাৎ এবং অপ্রত্যাশিত চোট পেলে তবেই বীমার টাকা পেতে পারেন স্টার্ক। অজি তারকা এ ক্ষেত্রে ভিডিও ফুটেজে সেই প্রমাণই দিতে চেয়েছেন।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে ইনস্যুরেন্স কোম্পানির পক্ষে আইনজীবী জানান, সেই সময় ফুটেজ খতিয়ে দেখার পর্যাপ্ত সময় পাননি তারা। স্টার্কের আইনজীবীরা দাবি করছেন, ১৩ মাস সময় পেলেও তারা ফুটেজ দেখার সময় পাননি কেন!
১২ আগস্ট মামলার শুনানির দিন ধার্য হয়েছে।
