উন্মুক্ত স্থানে ময়লা ফেললে ওয়াসাকেও জরিমানা : তাপস

আপডেট : ২২ জুন ২০২০, ০৬:৩৯ এএম

উন্মুক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলে রাখলে ওয়াসাকেও জরিমানা করা হবে বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তাহলে জরিমানা করা হবে। আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা সংসদসংলগ্ন বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ওয়াসাকে এই হুঁশিয়ারি দেন।

নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রম বছরব্যাপী পরিচালনা করা হবে জানিয়ে এ সময় ডিএসসিসি মেয়র জানান, এই কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সব নর্দমা মাসে দুবার করে পরিষ্কার করা হবে।

এ সময় জনগণকে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানিয়ে ডিএসসিসির মেয়র তাপস বলেন, কোথাও যদি নর্দমা আটকে যায়, যদি উপচে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয় তাহলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তারপরও যদি সুরাহা না হয় তাহলে সরাসরি আমাকে জানাবেন।

এর আগে সকালে ডিএসসিসি মেয়র তাপস নগরীর ৩৩ নম্বর ওয়ার্ডের আগা সাদেক রোডের নর্দমায়ও বছরব্যাপী নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

ঢাকা-৭ আসনের সাংসদ হাজী সেলিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত