মহামারী করোনা পরিস্থিতিতে সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন মওকুফ ও বেসরকারি শিক্ষকদের বিশেষ প্রণোদনা দেওয়ার দাবিতে গতকাল রবিবার নেত্রকোনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন বেলা ১১টার দিকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসক মঈনউল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ আহমেদ বাবু ও সাধারণ সম্পাদক অনীক মাহ্বুব চৌধুরী। এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, শিক্ষার্থীদের বেতন মওকুফসহ বিভিন্ন দাবিতে চাঁদপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা ছাত্রদল। গতকাল রবিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান গাজী ও সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গোটা বিশে^র পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষে সন্তানদের বেতন দেওয়া খুবই কষ্টসাধ্য। তাই সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষাজীবন রক্ষার্থে তাদের বেতন মওকুফের দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি ইমান এইচ গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, সহসভাপতি আবু হানিফ কাকন, যুগ্ম সম্পাদক মনির হোসেন মুন্না, সোহেল রানা প্রমুখ।
এ ছাড়া, নাটোরে অসচ্ছল শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদানসহ বিভিন্ন দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে জেলা ছাত্রদল। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামের কাছে এই স্মারকলিপি প্রদান করেন জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম ব্যাপারি ও সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজসহ ছাত্রদলের নেতাকর্মীরা।
