বিয়ে করে বউ নিয়ে ফিরছিল যুবক, নদীতে ডুবছিল তাদের গাড়ি...(ভিডিও)

আপডেট : ২২ জুন ২০২০, ০৩:৩৩ পিএম

প্রচণ্ড বৃষ্টির মধ্যে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। এর মধ্যে বিয়ে করে নববধূ নিয়ে ঘরে ফিরছিলেন এক যুবক। একটি ব্রিজে তাদের গাড়িটি উঠতেই তীব্র পানির স্রোতে সেটি নদীতে গিয়ে পড়ে। তবে স্থানীয়দের সহায়তায় প্রাণে বাঁচলেন নবদম্পতি।

এনডিটিভি জানায়, ভারতের ঝাড়খণ্ডের পালামু জেলায় এই ঘটনা ঘটে। নদীতে নবদম্পতির গাড়ি ডুবে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

জানা যায়, রবিবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ও অন্যান্য জেলাগুলোতে একনাগাড়ে বৃষ্টি হচ্ছিল ও বজ্রপাত হচ্ছিল। কিন্তু ওই দুর্যোগ মাথায় নিয়েই গাড়ি করে সদ্য বিয়ে করা বউকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক যুবক। পিছনে ছিল বরযাত্রীদের গাড়িও। কিন্তু গ্রামে ফেরার পথে পড়ে মালয় নদী। সেই নদীর উপরে থাকা সেতু দিয়ে ধীরেসুস্থেই সামনের দিকে এগোচ্ছিল গাড়িটি। কিন্তু হঠাৎ করে সৃষ্টি হয় বিপর্যয়। নদীর পানিতে ডুবে যায় সেতুটি এবং তীব্র স্রোতের টানে সেটি সেতু থেকে নদীর মধ্যে পড়ে যায়।

তবে ভাগ্য সুপ্রসন্ন থাকায় এ যাত্রায় প্রাণে বেঁচে যান ওই নবদম্পতি। গাড়িটিকে ওভাবে ভেসে যেতে দেখে স্থানীয় মানুষজন নদীতে ঝাঁপ দেন। জীবনের ঝুঁকি নিয়ে তারা অনেক চেষ্টা করে ডুবন্ত গাড়িটির ভেতর থেকে বর-কনেকে বের করে আনেন। 

স্থানীয় যুবকেরা যেভাবে ওই দম্পতিকে বাঁচান, ভিডিওটি দেখলে যে কেউ হতবাক হয়ে যাবে। রীতিমতো নাটকীয়ভাবে উদ্ধার করা হয় নবদম্পতিকে। এই ঘটনায় নেটিজেনরা ওই এলাকার যুবকদের প্রশংসায় মেতে উঠেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত