চট্টগ্রামের চন্দনাইশের কাঞ্চননগর গ্রামের ছেলে হাসনাত তুষার গানের টানে পাড়ি জমান রাজধানীতে। দীর্ঘদিন ধরে সংগীতের চর্চা করছেন। ইতিমধ্যে গেয়েছেন অনেকগুলো গান। তবে চট্টগ্রামের আঞ্চলিক গানে তুষার কণ্ঠ দিয়েছেন এই প্রথম। গানের শিরোনাম ‘আর বউয়া হালা’ । গানটি লিখেছেন এবং সুর করেছেন প্রখ্যাত গীতিকার আমান উল্লাহ। সংগীত আয়োজনে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত। সম্প্রতি জি সিরিজের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে এবং ইউটিউবে মুক্তি পেয়েছে গত শুক্রবার।
গানটি নিয়ে হাসনাত তুষার বলেন, ‘আমি সংগীতের মানুষ এবং চট্টগ্রামের মানুষ। চট্টগ্রামের নিজস্ব ভাষা আছে, গান আছে, কৃষ্টি আর ঐতিহ্য আছে। চাটগাঁইয়া গানের প্রতি সারা দেশের মানুষের একটা আকর্ষণ আছে। ‘আর বউয়া হালা’ চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রচিত অনেক পুরোনো একটি গান। শ্রদ্ধেয় গীতিকার আমান উল্লাহ আমান রচিত এ গানটির সংগীত আয়োজন করেছেন সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত। গানটি নিয়ে যখন থেকে কাজ শুরু করেছি তখন থেকেই বেশ আশাবাদী ছিলাম। তবে শ্রোতা-দর্শকের এত বেশি সাড়া পাব, ভালোবাসা পাব ভাবিনি। এর মাধ্যমে সংগীতের প্রতি আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল।’
