ভুতড়ে বিদ্যুৎ বিল চাপিয়ে দেয়ায় সিপিবির ক্ষোভ ও নিন্দা

আপডেট : ২৩ জুন ২০২০, ১২:০১ এএম

সারা দেশে বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানিসমূহ কর্তৃক গ্রাহকদের ওপর মনগড়া ভুতড়ে বিল চাপিয়ে দেয়ায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

সোমবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহম্মদ শাহ আলম এই ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, ঢাকাসহ সারা দেশে বিদ্যুৎ গ্রাহকরা ৩০ জুনের মধ্যে পরিশোধের জন্য যে বিল কোম্পানিসমূহের কাছ থেকে পেয়েছেন তার সাথে মিটার রিডিংয়ের কোন সম্পর্ক নেই এবং পূর্ববর্তী মাসের সাথে তা অসংগতিপূর্ণ।

নেতৃবৃন্দ বলেন, করোনাকালে গত তিন মাস যাবৎ মানুষ প্রায় আয়হীন। অনেক চাকরিজীবী তাদের কর্ম হারিয়েছেন নতুবা পূর্বের তুলনায় প্রায় অর্ধেক বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। অধিকাংশ মানুষের সাধারণ জীবনযাপনেও নাভিশ্বাস উঠে গেছে। এমতাবস্থায় বিদ্যুৎ কোম্পানিসমূহের এ আচরণ অগ্রহণযোগ্য ও নিন্দনীয়।

অবিলম্বে মনগড়া ভুতড়ে বিল প্রত্যাহার করে মিটার রিডিং ভিত্তিক বিল প্রদানের আহ্বান জানান তারা। সেই সাথে ৩০ জুনের মধ্যে বিল পরিশোধের বাধ্যবাধকতা প্রত্যাহার তথা বিলম্ব সুদ গ্রহণ থেকে বিরত থাকার দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত