করোনাপরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরছে ইংল্যান্ড ও উইন্ডিজের টেস্ট সিরিজ দিয়ে। এই সিরিজ প্রসঙ্গে একটি রেডিওতে উইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন গঙ্গা বলেছেন, ইংল্যান্ডের বিপক্ষে জেতাটা চ্যালেঞ্জিং হবে ক্যারিবীয়দের জন্য। ইংল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে জেতা কঠিন বলে মত গঙ্গার।
গত বছর উইন্ডিজ নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ২-১-এ টেস্ট সিরিজ জিতেছিল। এবার তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে সাউদাম্পটনে ৮ জুলাই থেকে। গঙ্গা বলেন, ‘ম্যাচ ও অনুশীলনের অভাব রয়েছে বলে উইজডেন ট্রফিটি (সিরিজের ট্রফির নাম) ধরে রাখা উইন্ডিজের জন্য চ্যালেঞ্জিং হবে।’ করোনার কারণে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকায় ম্যাচ ও অনুশীলনের সুযোগ ইংল্যান্ডও তেমন পাচ্ছে না। কিন্তু তাও ইংলিশরা এগিয়ে থাকবে নিজেদের মাটিতে খেলা হওয়ায়। গঙ্গা বলেন, ‘ইংল্যান্ডের কন্ডিশনে তাদের যেকোনো দলের বিপক্ষে জেতাটা কঠিন। ইংলিশরা এমন কন্ডিশনে অভ্যস্ত। এটা তাদের এগিয়ে রাখবে।’
কোয়ারেন্টাইনে থাকার জন্য ম্যানচেস্টারে বেশ আগেভাগেই এসে পড়েছে উইন্ডিজ দল। প্রথম ম্যাচ জুলাইয়ে হলেও এ মাসের শুরুর দিকেই তারা আসে ইংলিশ কন্ডিশনে। করছে অনুশীলনও। সেটি উইন্ডিজদের জন্য ভালো দিক বলে মনে করেন গঙ্গা। তিনি বলেন, ‘সিরিজের আগে স্বাগতিক দেশে প্রস্তুতির জন্য বেশি সময় পাওয়াটা দারুণ সহায়ক হবে।’
পেসার কেমার রোচের কথা বিশেষভাবে বলেন গঙ্গা। ২০১৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ১৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছিলেন রোচ। গঙ্গা বলেন, ‘দলে কিছু বোলারের রেকর্ড ভালো (ইংল্যান্ডের বিপক্ষে)। বিশেষ করে রোচের।’
