ডেঙ্গুর প্রকোপ নিয়ে সকলকে সতর্ক থাকতে বললেন স্থানীয় সরকার মন্ত্রী

আপডেট : ২৩ জুন ২০২০, ০৮:৫১ পিএম

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের মধ্যে রাজধানীসহ সারা দেশে এডিস মশার বিস্তার রোধ করে ডেঙ্গুর প্রকোপ নিয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

মঙ্গলবার সচিবালয়ে নিজ কক্ষে সারাদেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ কার্যক্রম পর্যালোচনা নিয়ে অনলাইনে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ নির্দেশ দেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, তার তত্ত্বাবধানে এডিস মশা নিধনে অত্যন্ত গুণগত মানসম্পন্ন কীটনাশক আমদানি করায় এ বছরের শুরু থেকে এডিস মশার প্রকোপ অনেক কমেছে।

এ সময় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মশা নিধনে উৎকৃষ্টমানের কীটনাশক সরবরাহ করায় মন্ত্রীকে ধন্যবাদ জানান।

মন্ত্রী বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে জনপ্রতিনিধি সবাইকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে।

নগরবাসীকে নিজেদের বাড়ি ও এর আশেপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এডিসের লার্ভা কোনক্রমেই যেন তৈরি না হয় সেদিকে সবাইকে নজর রাখতে হবে।

এডিস মশা নিধন প্রতিরোধ কার্যক্রমে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, পূর্ত বিভাগ এবং ঢাকা ওয়াসাসহ অন্যান্য মন্ত্রণালয় এবং বিভাগের উপর অর্পিত দায়িত্ব পালনে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান স্থানীয় সরকার মন্ত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত