শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান

আপডেট : ২৪ জুন ২০২০, ১২:৪২ পিএম

বলিউডের বিখ্যাত নৃত্য পরিচালক সরোজ খান শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে পিটিআই।

৭১ বছর বয়সী এই কোরিওগ্রাফারের পরিবার থেকে জানানো হয়েছে, করোনার উপসর্গ থাকলেও সরোজের কভিড-১৯ রোগ ধরা পড়েনি। তিনি এখন বান্দ্রার গুরু নানক হাসপাতালে আছেন।

বলিউডে পা রাখার পর একের পর এক জনপ্রিয় ছবিতে কাজ করেন সরোজ খান। বি টাউনে তিনি ‘মাস্টারজি’ বলে পরিচিত।

মাধুরী দীক্ষিত থেকে ঐশ্বর্য রাই বচ্চন, করিনা কাপুর খান বা কঙ্গনা রানাউত, বলিউডের প্রথম সারির সব অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন তিনি।

সরোজের পরিবারের এক সদস্যকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, ‘তিনি এখন ভালো আছেন। হাসপাতালে নেয়ার সময় শ্বাসকষ্ট ছিল। কভিড-১৯ পরীক্ষায় ফলাফল নেগেটিভ এসেছে। তারপরও সতর্ক থাকতে হবে।’

১৯৭৪ সাল থেকে বলিউডে কাজ করা সরোজ খান আলোচনায় আসেন ১৯৮৭ সালের দিকে। শ্রীদেবী অভিনীত মিস্টার ইন্ডিয়া ছবির ‘হাওয়া হাওয়াই’ গানে রীতিমতো তাক লাগিয়ে দেন তিনি। শ্রীদেবীর নাচ দেখে ওই সময় পুরো বলিউড চমকে যায়। এখন পর্যন্ত তিনি ২ হাজারের বেশি গানে কাজ করেছেন।

তিনটি জাতীয় পুরস্কার পাওয়া সরোজ খান এরপর নিজেকে ছাড়িয়ে যান তেজাব ছবির ‘এক দো তিন..’ এবং দেবদাসের ‘ডোলারে …’ গানে কাজ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত