মিরসরাইয়ে এক বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার-টাকা লুট

আপডেট : ২৪ জুন ২০২০, ০৩:৫২ পিএম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে ধনকাজি মাঝি বাড়ির মো. আবুল কাশেমের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত প্রায় দেড়টায় এই ঘটনা ঘটে।

ডাকাতরা আবুল কাশেমের পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও বিভিন্ন দামি মালামাল লুট করে পালিয়ে যায়।   

এই ব্যাপারে ডাকাতির ঘটনায় ভূক্তভোগী গৃহকর্তা মো. আবুল কাশেম (৪৫) বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙে ১০/১৫ জন ডাকাত আমার ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকেই ডাকাতরা আমার পরিবারের শিশু সন্তানসহ সবাইকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। রাত প্রায় সাড়ে তিনটা পর্যন্ত ডাকাতরা আমার ঘরে লুটপাট চালায়।

এ সময় ডাকাতরা ১২ ভরি স্বর্ণ, নগদ ৮৫ হাজার টাকা, ৫টি মোবাইল সেট ও ঘরের দামি আসবাবপত্র নিয়ে যায়। শারীরিক অসুস্থতা ও আইনি ঝামেলার জন্য আমি বিষয়টি এখনো প্রশাসনকে জানাইনি।   

এই বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ডাকাতির কথা আমাদের জানা নেই। তবে আমরা শুনেছি একটা চুরি হয়েছে। এখনও কেউ অভিযোগ করেনি। তবে আমি ঘটনাস্থলে অফিসার পঠিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত