শরীয়তপুরে চার পুলিশ সদস্য ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসারসহ গত ২৪ ঘন্টায় আরও ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে চারশ ছাড়িয়ে দাঁড়ালো ৪১৩ জনে।
বুধবার দুপুর ২টার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন শরীয়তপুরের সিভিল সার্জন কার্যালয়ের করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ।
আবদুর রশিদ জানান, চার পুলিশ সদস্যসহ শরীয়তপুর সদর উপজেলায় ১২জন, জাজিরা উপজেলায় ২জন, ভেদরগঞ্জ উপজেলায় একজন জন চিকিৎসকসহ ৬জন, ডামুড্যা পৌরসভায় একজন, নড়িয়া উপজেলার ভোজেশ্বর ও ডিঙ্গামানিক এলাকায় আটজন ও গোসাইরহাট উপজেলার ইদিলপুরে দুইজন বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪১৩জন।
তিনি জানান, এই পর্যন্ত জেলা থেকে ৪ হাজার ৮০৭ জনের সন্দেহভাজন নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়েছে। ৪ হাজার ৪৪৮ জনের নমুনার ফলাফল হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ৪ হাজার ৩৫টি নেগেটিভ ও ৪১৩টি পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্য থেকে এ পর্যন্ত ৫জন মৃত্যুবরণ করেছেন । আর ২০১ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
