মাগুরায় নতুন করে ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল বুধবার সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে আটজনই পৌর এলাকার। বাকি দুজন শ্রীপুর ও শালিখা উপজেলার বাসিন্দা।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪০ জন। মারা গেছেন দুজন।
সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা জানান, বুধবার পাওয়া রিপোর্টে ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাসও রয়েছেন। এ ছাড়া আক্রান্তদের মধ্যে শহরের জজকোর্ট বাংলোর ১ জন, ভায়না এলাকায় ১ জন, ডক্টরস্ কোয়ার্টার এলাকায় ১ জন, পারনান্দুয়ালী এলাকার ১জন, সদর হাসপাতাল পাড়ার ১ জন ও কাশিনাথপুরে দুজন, শ্রীপুরের রায়নগর গ্রামের ১ জন এবং শালিখার দেশমুখ পাড়ার ১জন।
এদিকে মাগুরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খানপাড়া, পিটিআই পাড়া ও একতা কাঁচাবাজার এলাকা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন গত মঙ্গলবার বিকেলে লকডাউন ঘোষণা করেছে।
