কেরানীগঞ্জে হেরোইনসহ একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৫ জুন ২০২০, ০২:০৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জে হেরোইনসহ মো. রাজু (৩৮) নামে একাধিক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে জিনজিরা আওয়ামী লীগের পার্টি অফিসের পেছনের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জিনজিরা আওয়ামী লীগের পার্টি অফিসের পেছনের গলিতে মাদকের কেনাবেচা হচ্ছে। এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করি।

রাজুকে গ্রেপ্তারের পরে তার কাছ থেকে এক হাজার পুরিয়া হেরোইন ( যার বাজার মূল্য দশ লাখ টাকা), হেরোইন বিক্রির নগদ ৭ হাজার টাকা, একটি খেলনা পিস্তল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পরে রাজু স্বীকার করেন তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

রাজু জিনজিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের মোল্লা বাড়িতে বসবাস করেন।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, রাজু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২টি মামলা, ঢাকার কোতোয়ালি থানায় একটি মামলা, চট্টগ্রামের লোহাগড়া থানায় একটি মামলাসহ আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত