খাদ্য মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে কাজের গতি আনতে বললেন খাদ্যমন্ত্রী

আপডেট : ২৫ জুন ২০২০, ০৬:৪৬ পিএম

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পের কাজে হতাশা ব্যক্ত করে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার সকাল ১১টায় খাদ্য মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির সভায় অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন মন্ত্রী। সভার শুরুতে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা মোহাম্মদ নাসিম ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা উৎপল চন্দ্রের আত্মার শান্তি কামনা করা হয়। দুজনেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন খাদ্য সচিব ডক্টর মোছাম্মৎ নাজমানারা খানম।

সভার শুরুতে মন্ত্রী বিভিন্ন প্রোজেক্টের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের নিকট জানতে চান। খাদ্যমন্ত্রী বিশ্ব ব্যাংকের সহযোগিতায় আশুগঞ্জ, মধুপুর, ময়মনসিংহে যে তিনটি সাইলো নির্মাণের কাজ চলছে সে সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং অতি শীঘ্র নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন।

সভায় উপস্থিত খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক বলেন করোনার কারণে কাজের গতি কিছুটা কমেছে।

বিভিন্ন প্রকল্পের চলমান সার্বিক কার্যক্রমে খাদ্যমন্ত্রী হতাশা প্রকাশ করেন। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অ্যাকশন প্ল্যান থাকা দরকার। একটা স্ট্রাটেজিক প্ল্যান এবং রোডম্যাপ থাকা দরকার। কোন কাজ কখন, কোন সময়ের মধ্যে করতে হবে সে ধারণা সুস্পষ্টভাবে থাকতে হবে।

মন্ত্রী প্রকল্প পরিচালকদের পাশাপাশি খাদ্য অধিদপ্তরের আরসি ফুড, ডিসি ফুডদেরও খাদ্য অধিদপ্তরের আওতাধীন প্রতিটি প্রকল্পের কাজ মনিটরিং করার জন্য নির্দেশ দেন।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত দেশের প্রতিটি বিভাগে একটি করে ল্যাবরেটরি স্থাপন করার কথা তুলে ধরে খাদ্যমন্ত্রী এর সর্বশেষ অবস্থা জানতে চান। ইতিমধ্যেই পাঁচটি বিভাগে পাঁচটি ল্যাবরেটরি প্রতিষ্ঠার কাজ অনেক দূর এগিয়েছে বলে জানান সভায় উপস্থিত বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ পাঁচটি বিভাগে প্রতিটি ল্যাবরেটরির একতলার কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান। এছাড়া সভায় প্রাথমিকভাবে ত্রিশটি প্যাডি সাইলো নির্মাণের কাজ দ্রুততম সময়ের মধ্যে শুরু করার জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন মন্ত্রী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত