আরেকবার বোর্ডের সঙ্গে ঝামেলা বাঁধল পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজের। এবারের জ্বল কত দূর গড়ায় সেটি প্রশ্ন বটে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপানায় করোনা পেস্টে পজিটিভ হওয়ার একদিন পর নিজস্ব ব্যবস্থাপনায় ফের কোভিড-১৯ পরীক্ষা করান মোহাম্মদ হাফিজ। যার ফল নেগেটিভ আগে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পরীক্ষার রেজাল্টের কাগজও পোস্ট করেন হাফিজ। কিন্তু পুরো ব্যাপারটায় বিব্রত পিসিবি।
সংস্থাটির প্রধান নির্বাহী ওয়াসিম খান তো সরাসরি বলছেন, হাফিজ আমাদের সমস্যায় ফেলে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফিজ তার করোনা টেস্টের ফল প্রকাশের আগে বোর্ডকে অবহিত করতে পারতো বলে মনে করেন তিনি। সেটা না করায় বোর্ড বেশ বিব্রত বলে মন্তব্য করেন ওয়াসিম।
হাফিজ যে এর আগেও মিডিয়ায় পিসিবির নিয়ম লঙ্ঘন করেছেন সেটিও বলেছেন প্রধান নির্বাহী। ক্রিকেট বাজ নামে একটি ইউটিউব চ্যানেলে ওয়াসিম খান বলেন, ‘আমি আজ হাফিজের সঙ্গে কথা বলেছি। তিনি যে কাজটা করেছেন সেটা যে আমাদের জন্য বিব্রতকর এটা তাকে পরিষ্কার করেছি।’
‘ব্যক্তিগতভাবে অবশ্যই সে বেসরকারিভাবে পরীক্ষা করাতে পারে। কিন্তু আমাদের সঙ্গে তার আগে কথা বলা উচিত ছিল। কারণ সে আমাদের জন্য সমস্যা তৈরি করেছে। মিডিয়ায় এই প্রথম যে সে আমাদের নিয়ম লঙ্ঘন করল তা নয়।’- বলেন ওয়াসিম।
পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই হাফিজ। কিন্তু পাকিস্তান দলে নির্বাচিত ক্রিকেটার হিসেবে হাফিজ সব ধরনের নিয়ম কানুন মানতে বাধ্য বলেও মন্তব্য করেন ওয়াসিম। বেশ কঠোর ভাষাতেই তাই বলেছেন, ‘আমরা এখন বিষয়টি দেখছি কারণ এটি আমাদের অনেক সমস্যা সৃষ্টি করেছে।’
উল্লেখ্য, ইংল্যান্ড সফরের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের করোনা পরীক্ষা করিয়েছিল পিসিবি। যাদের মধ্যে হাফিজ, ওয়াহাব রিয়াজসহ ১০ জনের করোনা পজিটিভ আসে।
তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে রবিবারই ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা পাকিস্তান দলের। যারা করোনায় আক্রান্ত নন তারা উঠবেন ম্যানচেস্টারগামী বিমানে।
