নভেল করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ উপেক্ষা করে লিওনেল মেসির জন্মদিন উদযাপনে পার্টির আয়োজন করে জরিমানা দিতে হয়েছে বাংলাদেশের ১৫ ভক্তকে।
দামুড়হুদার স্থানীয় একটি ক্যাফেতে পার্টির আয়োজন করেন ওই ‘মেসি-পাগলরা’। কিন্তু ম্যাজিস্ট্রেট পুরো আয়োজন ভেস্তে দেন। পুলিশ নিয়ে হানা দিয়ে সবাইকে ১০০ টাকা করে জরিমানা দিতে বলেন।
জরিমানার এই খবর পৃথিবীর অধিকাংশ প্রভাবশালী গণমাধ্যমে ঠাঁই পেয়েছে। এই তালিকায় এএফপি থেকে শুরু করে ডেইলি মেইল পর্যন্ত রয়েছে।
১৫ জনকে জরিমানা করা ফিরোজ হোসেন এএফপিকে বলেন, ‘তারা আমাদের লকডাউন অর্ডার অমান্য করেছে। সন্ধ্যায় সামাজিক দূরত্বের নিয়ম ভেঙেছে।’
ওল্ড টাউন কফিহাউজের মালিক জাহিদুল আলম জানিয়েছেন অনেক চেষ্টা করেও তিনি অভিযুক্তদের বাড়ি পাঠাতে পারেননি, ‘শত চেষ্টা করেও তাদের বাড়ি পাঠাতে পারিনি। মেসির জন্মদিন নিয়ে ওরা খুব উচ্ছ্বসিত ছিল।’
