স্পিনাররা চোখ গরম করে তাকাবে, ব্যাপারটা মোটেও পছন্দ করেন না ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং দানব তাই আইপিএলের এক ম্যাচে সতীর্থকে বলেছিলেন, রশিদ খান আমার দিকে তাকালে ওকে শেষ করে দেব!
মজার এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন ২০১৮ আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবে গেইলের সতীর্থ লোকেশ রাহুল। ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে এক চ্যাট শোয়ে এমনটা জানান রাহুল। সেই শোতে ছিলেন ক্রিস গেইলও।
২০১৮ আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের প্রসঙ্গ তুলে ধরে লোকেশ রাহুল বলেন, ‘সেবারের আইপিএলে একটা ম্যাচের কথা মনে পড়ছে। গেইল রানের জন্য ক্ষুধার্ত ছিল। রেগেও ছিল রশিদ খানের উপরে। আমাকে বলেছিল, রশিদ খান যদি আমার দিকে চোখ পাকিয়ে তেড়ে আসে, তা হলে ওকে আমি শেষ করে দেব। স্পিনাররা বড় বড় চোখ করে তেড়ে আসবে, তা আমার মোটেও পছন্দ না।’
ওই ম্যাচে গেইল ৬৩ বলে ১০২ রানের ইনিংস খেলেন। রশিদের ১৬ বলে নেন ৪২ রান।
২০১৮ আইপিএল আসরটাও দুর্দান্ত কাটে গেইলের। আসরের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন। আসরে সর্বোচ্চ সেঞ্চুরি ও ছক্কার রেকর্ডও গড়েন।
