গাজীপুরে সহকর্মীর হাতে এক পোশাককর্মী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবার মহানগরীর গাছা থানাধীন কামারজুরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহীন (২৭) গাইবান্ধার পলাশবাড়ি থানার সাতানা নওগাঁ গ্রামের মমতাজ মিয়ার ছেলে। তিনি কামারজুরি এলাকায় বিসমিল্লাহ সোয়েটার কারখানায় সাব কন্ট্রাকে কাজ করতেন।
গাছা থানার এসআই সজিব দেবনাথ জানান, শাহীন ও ওয়াজিদ মিয়া ওই সোয়েটার কারখানায় সাব কন্ট্রাক্টে কাজ করতেন। বৃহস্পতিবার সকালে কারখানার বাইরে তাদের কথা কাটাকাটি ও ঝগড়া হয়। পরে স্থানীয়রা মিটমাট করে দেন। দুপুর আড়াইটার দিকে কামারজুরি বালুর মাঠ এলাকায় ফের দুজনে ঝগড়ায় জড়ান; এক পর্যায়ে মারামারিতেও জড়িয়ে পড়েন। এসময় ওয়াজিদ তার হাতে থাকা কাপড় কাটার কাঁচি দিয়ে শাহীনের বুকে আঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওয়াজিদকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান এসআই সজিব।
