সৌরভ আইসিসি’র সভাপতি কি-না জানা যাবে আগামী সপ্তাহে

আপডেট : ২৬ জুন ২০২০, ০২:০১ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড- আইসিসি’র সভাপতি হিসেবে শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ। তার জায়গায় সৌরভ গাঙ্গুলিকে দেখা যেতে যাবে কি-না এ ব্যাপারে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানা গেছে।

পরবর্তী আইসিসি সভাপতি নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসেছিল আইসিসি’র বোর্ডের সদস্যরা। সেখানেই চেয়ারম্যান নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড সদস্য বলেন, “চেয়ারম্যান নির্বাচন নিয়ে ভালো আলোচনা হয়েছে। পরের সপ্তাহেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমরা আশাবাদী।”

মনোনয়নের কোনো দিনক্ষণ ঠিক করা হয়নি কেন, এমন এক প্রশ্নের জবাবে ওই সদস্য বলেন, “এখনো কিছু বিষয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। আশা করি, সামনের সপ্তাহেই এই বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।”

নির্বাচন নাকি পারস্পরিক সমঝোতার মাধ্যমে কাউকে সভাপতি হিসেবে বেছে নেওয়া হবে কি-না এ বিষয়ে এখনো সবাই একমত হতে পারছে না বলে জানিয়েছেন ওই সূত্র।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান কলিন গ্রেভস ও বিসিসিআই সভাপতি সৌরভ দুজনেই আইসিসির চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন। তবে দুজনের কেউই নির্বাচন চাইছেন না এই পদের জন্য। সৌরভের মনোনয়ন এখনো চূড়ান্ত নয়। তবে দুজনেই চাইছেন শীর্ষ পদের বসার আগে যেন সর্বসম্মতিক্রমে বাছাই প্রার্থী হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত