সীতাকুন্ডে একটি বিপনী বিতানের সবকটি দোকানের দুই মাসের ভাড়া মওকুফ করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূইঁয়া।
এর আগে একইভাবে নিজের মার্কেটের সব দোকানের দুই মাসের ভাড়া মওকুফ করে দেন উপজেলা জাতীয় পাটির (এরশাদ) সভাপতি রেজাউল করিম বাহার।
এই দুজন মালিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সংশ্লিষ্ট মার্কেটের ব্যবসায়ী ও সীতাকুন্ড বাজার কমিটির নেতারা।
বাকের ভূইঁয়ার মার্কেট সীতাকুন্ড শপিং সেন্টারের গার্মেন্টস ব্যবসায়ী ‘লিমা ফ্যাশনের’ মালিক আলাউদ্দিন বলেন, করোনাকালীন ২ মাস দোকান বন্ধ থাকাতে অনেক টাকা লোকসান হয়েছে। কর্মচারীদের বেতন দিয়েছি অর্ধেক। এই অবস্থায় দুই মাসের ভাড়া মওকুফ করাতে আমরা অনেক উপকৃত হয়েছি।
পৌরসদর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, করোনার সময়ের দোকানদারদের সংসারের খরচ চালাতে কষ্ট হয়ে পড়েছে। তাই এই সময়ে দোকান ভাড়া মওকুফ করা মালিকদের মানবিক দায়িত্বের মধ্যে পড়ে।
দুই মাসের ভাড়া মওকুফ করাতে তিনি দুই মালিককে ধন্যবাদ দিয়ে অন্যদেরও স্বেচ্ছায় এগিয়ে আসার আহ্বান জানান।
